সমগ্র মানবজাতি যে এক পিতা হযরত আদম (আ·)-এর সন্তান তা হজে এলেই উপলব্ধি করা যায়। আফ্রিকার চকচকে কালো মানুষ থেকে শুরু করে পুরো পৃথিবীর সাদা, লাল, হলুদ, শ্যামলা সব রঙের মানুষ এক পোশাক, এক বাক্য ও এক লক্ষ্যে ছুটে চলেন হজের কাফেলায়। মিনাতে এসে ভুলে যেতে হয় দুনিয়ার যত বিভেদ, মানমর্যাদা, কলহ-বিবাদ, ভোগবিলাস, দুশমনি, রক্তপাত, হিংস্র বর্বরতাকে। মতবাদের হাজার ধুলো ময়লাকে ছুড়ে ফেলে শুধু আল্লাহপাকের সামনে নিজেকে পেশ করতে হয় লাব্বায়েক লাব্বায়েক বলে। স্ত্রী, পুত্র, কন্যা, মা-বাবা, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, দেশ, জাতি, সমাজকে পেছনে ফেলে এগিয়ে যেতে হয় কেবল খোদার ঘরের দিকে। আর বলতে হয়- হাজির, বান্দা হাজির! হে প্রভু! হে মালিক! হে স্রষ্টা, তোমারই ডাকে গোলামের দল হাজির। তোমার কোন শরিক নেই, তুমি এক এবং অদ্বিতীয়, যা কিছু আসমান জমিনে ও তার মাঝে আছে সবকিছু কেবল তোমারই, সবকিছু কেবল তোমারই দান। সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি। গ্রহণ কর, কবুল কর, ধুয়ে মুছে দাও দেহ-মন, আঁধার দূর করে দাও, আর তোমার যা ইচ্ছা, তোমার যা পছন্দ তাই করে দাও।

‘চোখেল জলে প্রেমের হজ’ একটি অসাধারণ হজের ভ্রমণ কাহিনী। যে কাহিনীর প্রত্যেক পরতে রয়েছে জীবনের প্রথম হজে যেতে ইচ্ছুক খোদাপ্রেমীদের সহজ সরল নির্দেশনা। লেখক অধ্যাপক মুহাম্মদ ফরিদ উদ্দিন খান বেশ প্রাঞ্জল ও প্রেমময় ভাষায় পাঠকের কাছে তুলে ধরেছেন তার অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞানের ঝলক। ধর্মকর্ম ও বিশ্বাস সম্পর্কে এ গ্রন্থ পাঠে জানা যাবে হজের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক তথ্য। কোরবানি, কাবা নির্মাণ, ওমরাহ, মদিনা শরিফ, সাহাবায়ে কেরামের (রা·) জীবনাদর্শ, রাসূল (সা·) প্রেমের নমুনা, জেয়ারত, তাওয়াফ, হাজীদের বাসস্থান ইত্যাদি নানা সম্পর্কে লেখক খুব সহজ ও সুন্দর ভাষায় বর্ণনা করেছেন, যা পাঠে মক্কা, মদিনায় ছুটে যাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে উঠবে।

**************************
লেখকঃ  মোহাম্মদ হার্‌স
উৎসঃ দৈনিক যুগান্তর, ৩০শে নভেম্বর ২০০৭