Islamic Article Archive - http://articles.ourislam.org
কাবার মেহমান
http://articles.ourislam.org/articles/55/1/aaaaa-aaaaaa/Page1.html
Article Poster
 
By Article Poster
Published on 12/20/2007
 
আজ যে আশেকান মক্কায় জমা হয়েছে তারা সবাই লাব্বায়েক বলেছিলেন সেদিন। ইব্রাহিম (আ·)-এর দাওয়াতে সাড়া দিয়ে সৌভাগ্যবান হয়েছেন তারা। তাই তো আজ কাবার মেহমান হয়েছেন। আল্লাহর ঘরের আপ্যায়ন পেয়েছেন।

কাবার মেহমান

আজ যে আশেকান মক্কায় জমা হয়েছে তারা সবাই লাব্বায়েক বলেছিলেন সেদিন। ইব্রাহিম (আ·)-এর দাওয়াতে সাড়া দিয়ে সৌভাগ্যবান হয়েছেন তারা। তাই তো আজ কাবার মেহমান হয়েছেন। আল্লাহর ঘরের আপ্যায়ন পেয়েছেন।

রাত প্রায় শেষ। তারাগুলোর মলিন বদন। নিভু নিভু প্রায়। আঁধার-আলোর পাল্লা চলছে। আকাশ সাদা হয়ে আসছে যেন। ফজর উদিত হয়েছে। মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানের সুরলহরী ও মুয়াজ্জিনের সুরে আজ অন্যরকম তাল। ভিন্নরকম ছন্দ। প্রেমের ছোঁয়া মায়ার পরশ আজানের সুরে ভেসে আসছে মদিনার প্রেম, কাবার ভালোবাসা ও মহব্বত। হৃদয়ের আয়নার উঁকি দিচ্ছে সবুজ গম্বুজের ছবি। নবীজীর রওজার প্রেমময় দৃশ্য। আমি আজান শুনে মসজিদে গেলাম, ঢাকার চৌধুরীপাড়া মসজিদ-ই-নূর-এ ফজরের নামাজ আদায় করলাম। নামাজ পড়ালেন মসজিদের খতিব মাওলানা খুরশীদ আলম কাসেমী। নামাজ পড়ালেন অথচ মাথায় টুপি নেই। গায়ে অন্য দিনের মতো জামা-কাপড় নেই। সেলাই ছাড়া ইহরামের সাদা কাপড় পরে নামাজ পড়াতে দেখে সত্যিই হৃদয়টা নড়ে উঠল। মনটা ধাক্কা খেল। ছোটাছুটি শুরু করল অবুঝ মন। মনকে সুধালাম ও মন কাসেমী তো নবীজীর দাওয়াত পেয়েছেন। কাবার মেহমান সেজেছেন। কালো ঘরের সফরে বের হয়েছেন। সে প্রেমাষ্পদের সাক্ষাতে যাবেন। হাজরে আসওয়াদে চুমো খেয়ে গুনাহ মাফ করাবেন। এই ৭ জিলহজ ১৮ ডিসেম্বর শুরু হয় পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের প্রেমময় ধ্বনিতে মক্কানগরী মুখরিত হয়ে উঠেছে। বিশ্বের আনাচে-কানাচে থেকে আশেকে মদিনা কাবাপ্রেমীদের ভিড়ে মিলনমেলায় পরিণত হয়েছে মক্কানগরী। ৪০ আশেক কাবার মেহমান হয়েছেন। পাগলের বেশে উত্তাল প্রেমতরঙ্গে নেচে উঠছেন তারা। প্রেমাষ্পদের ঘরের আশপাশে প্রিয়জনের সন্ধানে তাওয়াফে যেন অন্যরকম স্বাদ, ভিন্নরকম মজা। কালো ঘরের প্রেমে ব্যাকুল হয়ে নাঙা পায়ে ছোটাছুটি করছেন তারা।

এখন মক্কার আকাশে ভেসে উঠছে লাব্বাইকের সানাই। ওগো আল্লাহ বান্দা হাজির, গোলাম হাজিরের আকুতির সুর।

পবিত্র কোরআনে আল্লাহতায়ালা হযরত ইব্রাহিমকে (আ·) উদ্দেশ করে বললেন- মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা দাও। তারা তোমার কাছে আসছে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃশকায় উঠের পিঠে সওয়ার হয়ে দূর-দূরান্ত থেকে (সূরা হজ-২৭)। আল্লাহর এ নির্দেশ পাওয়ার পর ইব্রাহিম আ· বললেন, হে আল্লাহ আমার এ আওয়াজ মানুষের কাছে পৌঁছবে? আল্লাহতায়ালা বলেন, তুমি ঘোষণা দাও, পৌঁছানোর দায়িত্ব আমার, এর পরই ইব্রাহিম (আ·) মক্কার আবি কুবাইশ পাহাড়ে উঠে ঘোষণা করলেন ‘হে লোকসকল তোমাদের রব এই ঘরে এসে হজ করার নির্দেশ দিয়েছেন, এর বিনিময় দেবেন জান্নাত এবং জাহান্নাম থেকে মুক্তি; সুতরাং তোমরা হজ কর।’ ইব্রাহিমের এ আহ্বান বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে দেয়া হয়। যারা তখন লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক বলেছিল তারা হজ করবে এমনকি যে যতবার বলেছে তার ততবার হজ করার সৌভাগ্য হবে। (তাফসিরে করতুবি ১২/৩৮)।

আজ যে আশেকান মক্কায় জমা হয়েছে তারা সবাই লাব্বায়েক বলেছিলেন সেদিন। ইব্রাহিম (আ·)-এর দাওয়াতে সাড়া দিয়ে সৌভাগ্যবান হয়েছেন তারা। তাই তো আজ কাবার মেহমান হয়েছেন। আল্লাহর ঘরের আপ্যায়ন পেয়েছেন। কালো ঘরকে জড়িয়ে ধরে প্রেমের স্বাদ আস্বাদন করেছেন। ওগো দয়াময় প্রভু তোমার ঘরের মেহমান হতে চাই। কাবার মোমেন হতে চাই। নবীজীর দাওয়াতে ধন্য হতে চাই। লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক বলে তোমার বাড়িতে ছোটাছুটি করতে চাই।


**************************
লেখকঃ  হুমায়ূন আইয়ুব
দৈনিক যুগান্তর, ২০ ডিসেম্বর ২০০৭