(মাওলানা মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ)
তরুণ আলেম মাওলানা মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর কাছে হজ্ব সম্পর্কে জানতে চাইলে তিনি এসব বিষয়ে যে সমাধান দেন তা প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হলোঃ

প্রশ্নঃ হজ্বের সফরে গিয়ে ব্যবসা-বাণিজ্য করার ব্যাপারে শরিয়তের হুকুম কী?
উত্তরঃ হাদিস শরিফে আছে, আমলের প্রতিদান নিয়তের ওপর নির্ভরশীল। সুতরাং বর্ণিত অবস্থায় হজের সফরে ব্যবসা করার ব্যাপারে হাজি সাহেবের নিয়তই বিবেচ্য হবে।
 
হজ্বের সফরে ব্যবসা করার মধ্যে তিনটি বিষয় ও দিক বিবেচ্য হবে।

এক. হাজি সাহেবের যদি প্রকৃত উদ্দেশ্য হয়, হজ্বের সফরে ব্যবসা করে লাভবান হবে, সঙ্গে সঙ্গে হজ্বও আদায় করে আসবে অর্থাৎ ব্যবসা যদি মুখ্য হয় আর হজ্ব যদি গৌণ হয়, তাহলে ওই হাজি সাহেবের ফরজ হজ্ব তো আদায় হয়ে যাবে, কিন্তু এতে কোনো প্রকার সওয়াবের আশা করা যায় না।

দুই. হজ্বের সফরে হজ্ব এবং ব্যবসা উভয়টাই যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে এর মধ্যে ইখলাস কম থাকার কারণে সওয়াবও কম হবে।

তিন. হজ্বের সফরে হজ্ব করাই যদি মুখ্য উদ্দেশ্য হয় এবং নিয়ত যদি হজ্বের মধ্যেই পুরোপুরি সীমাবদ্ধ থাকে কিন্তু আসা-যাওয়া বা অবস্থান করার সময় যদি ব্যবসার সুযোগ এসে যায় এবং হজ্ব সম্পর্কিত আমলগুলোর ত্রুটি না করে কেউ যদি সামান্য ব্যবসায়িক কাজ সেরে ফেলে তাহলে তার হজ্বও আদায় হবে এবং হজ্বের পুরো সওয়াবও পেয়ে যাবে।

**************************
উৎসঃ দৈনিক আমারদেশ, ২৫শে নভেম্বর ২০০৭