**************************
সম্পাদনা
মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী
পেশ ইমাম, জাতীয়মসজিদ বায়তুল মোকাররম, ঢাকা।

সহযোগিতায়
ড· মুহাম্মদ আবদুল মুনিম খান
সহকারী অধ্যাপক, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়

সংকলনে
আলহাজ ফেরদৌস ফয়সাল

কৃতজ্ঞতায়ঃ ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা, বাংলাদেশ।
**************************

হজে যাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন-হে আল্লাহ! আমার হজকে সহজ করো, কবুল করো-দেখবেন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। হজের দীর্ঘ সফরে ধৈর্য হারাবেন না। সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করার মানসিকতা রাখবেন, তাহলে অল্পতেই বিচলিত হবেন না।

হজের প্রস্তুতিপর্বে-পিলগ্রিম পাস (হজ পাসপোর্ট) তৈরি করা, বিমানের টিকিট সংগ্রহ ও তারিখ নিশ্চিত (কনফার্ম) করা, প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা, ম্যানিনজাইটিস টিকা বা অন্যান্য ভ্যাকসিন দেওয়া (অনেকে দালালের মাধ্যমে ১০০ বা ২০০ টাকায় টিকা দেওয়ার সনদ সংগ্রহ করেন, এটা করবেন না)-হজের এসব নিয়ম জানার জন্য একাধিক বই পড়তে পারেন। অথবা যাঁরা পড়তে পারেন না, তাঁরা হজে যাঁরা গেছেন, তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা করুন। হজের কোনো বিষয়ে বিভিন্নতা দেখলে ঝগড়া করবেন না। আপনি যেই আলেমের ইলম ও তাকওয়ার ওপর আস্থা রাখেন, তাঁর সমাধান অনুযায়ী আমল করবেন, তবে সেমতে আমল করার জন্য অন্য কাউকে বাধ্য করবেন না। আর হজে যাওয়ার জন্য পরিচিত অথবা এলাকার দলনেতার (গ্রুপ লিডার) সঙ্গে আলাপ করতে পারেন।
বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায়-দুভাবে হজ করতে যাওয়া যায়।

হজের জন্য প্রয়োজনীয় মালপত্র সংগ্রহ করা দরকার, যেমন-১· পিলগ্রিম পাস, টিকিট, ডলার কেনা, ২· পিলগ্রিম পাস, ভিসা, টাকা রাখার জন্য গলায় ঝোলানো ছোট ব্যাগ, ৩· ইহরামের কাপড় কমপক্ষে দুই সেট (প্রতি সেটে শরীরের নিচের অংশে পরার জন্য আড়াই হাত বহরের আড়াই গজ এক টুকরা কাপড় আর গায়ের চাদরের জন্য একই বহরের তিন গজ কাপড়। ইহরামের কাপড় হবে সাদা। সুতি হলে ভালো হয়), ৪· নরম ফিতাওয়ালা স্পঞ্জের স্যান্ডেল, ৫· ইহরাম পরার কাজে ব্যবহারের জন্য প্রয়োজন হলে কটিবন্ধনী (বেল্ট), ৬· গামছা, তোয়ালে, ৭· লুঙ্গি, গেঞ্জি, পায়জামা, পাঞ্জাবি-আপনি যে পোশাক পরবেন, ৮· সাবান, পেস্ট, ব্রাশ, মিসওয়াক, ৯· নখ কাটার যন্ত্র, সুই-সুতা, ১০· থালা, বাটি, গ্লাস, ১১· হজের বই, কোরআন শরিফ, ধর্মীয় পুস্তক, ১২· কাগজ-কলম, ১৩· শীতের কাপড় (মদিনায় ঠান্ডা পড়ে বেশি), ১৪· প্রয়োজনীয় ওষুধপত্র, চশমা ব্যবহার করলে অতিরিক্ত একটি চশমা (ভিড় বা অন্য কোনো কারণে ভেঙে গেলে ব্যবহারের জন্য), ১৫· বাংলাদেশি টাকা (দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বাড়ি ফেরার জন্য), ১৬· নারীদের জন্য বোরকা, ১৭· মালপত্র নেওয়ার জন্য ব্যাগ অথবা সুøটকেস (তালাচাবিসহ); ব্যাগের ওপর ইংরেজিতে নিজের নাম-ঠিকানা, ফোন নম্বর লিখতে হবে। এ ছাড়া আপনার প্রয়োজনীয় মালপত্র সঙ্গে নেবেন।

ঢাকার আশকোনায় অবস্থিত হাজি ক্যাম্পে টিকা দেওয়া, হজের প্রশিক্ষণ, বৈদেশিক মুদ্রা কেনাসহ প্রয়োজনীয় অন্যান্য জিনিস পাওয়া যায়।
হজ করতে যাচ্ছেন-যাত্রার শুরুতে নিজেকে এমনভাবে তৈরি করে নিন, যেন দেহ-মনে কোনো কষ্ট না থাকে। ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে হজ হলো দৈহিক ও আর্থিক ইবাদত এবং শ্রমসাধ্য ব্যাপার।

আপনার মালপত্র হালকা রাখুন, কারণ আপনার মাল আপনাকেই বহন করতে হবে। আপনার সঙ্গীদের সম্মান করুন, তাঁদের ইচ্ছা-অনিচ্ছাকৃত ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার দলে (গ্রুপে) দুর্বল বয়স্কদের প্রতি খেয়াল রাখবেন। সৌদি আরবে গিয়ে বিভিন্ন ওয়াক্তের নামাজ হারাম শরিফে জামাতে আদায় করার চেষ্টা করবেন (অনেকে বাসায় অথবা মহল্লার মসজিদে নামাজ আদায় করেন)। যাত্রার শুরুতে ভালো সফরসঙ্গী খুঁজে নেবেন, যাতে নামাজ পড়তে ও বাসায় চলাফেরায় একে অন্যের সাহায্য নিতে পারেন।

আপনি হজের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন; সেখানকার মানুষ আরবি ভাষায় কথা বলে, রাস্তাঘাট আপনার অচেনা। কিন্তু হজযাত্রীদের খেদমত বা সেবা করার জন্য সৌদি আরব ও বাংলাদেশ সরকার নানা রকম ব্যবস্থা নিয়ে থাকে।